| শিরোনাম: |

ঘূর্ণিঝড় ‘মোন্থা’-এর পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে বন্যাপ্রবণ এলাকার নদ-নদীগুলোর পানি দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পাউবোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে বা কাছাকাছি সময়ে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এ কারণে উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদী—যেমন তিস্তা, ধরলা, দুধকুমার, আপার করতোয়া, আপার আত্রাই, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, মহানন্দা, যমুনেশ্বরী, করতোয়া, ঘাঘট, জিঞ্জিরাম, ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানির স্তর ২ নভেম্বর পর্যন্ত দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো।
প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ