বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং পূবালী ব্যাংকের সহযোগিতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ভবনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালি।
সেমিনারে বক্তারা ক্যাশ মানি ছাড়া ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সুবিধা, নিরাপত্তা ও সহজপ্রাপ্যতা নিয়ে কুয়েট শিক্ষার্থীদের অবহিত করেন। তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সম্প্রসারণ এখন সময়ের দাবি। ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিস্তারের মাধ্যমে দুর্নীতি, জাল নোট এবং আর্থিক অনিয়ম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলেও বক্তারা মত প্রকাশ করেন।
এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক বি. এম. ইকরামুল হক, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁঞা এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালি বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কুয়েট শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “ক্যাশলেস ট্রানজেকশন কেবল সময় ও শ্রম বাঁচায় না, এটি আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তাও নিশ্চিত করে।”