প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১১ পিএম

“২০০৬ সালের ২৮ অক্টোবর লাশের ওপর নৃত্য করে আওয়ামী লীগ জাহিলিয়াতকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আনোয়ারা ইসলামিক সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর শাহাদাতবরণকারীদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুল হাসান বলেন, তৎকালীন সময়ে শহীদদের আকাঙ্ক্ষা ছিল ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার। আজ তাদের পরিবারের স্মৃতিচারণে আমরা সেই চেতনা পাই। ইসলামী আন্দোলনের মাধ্যমে আমাদের সেই শহীদদের রক্তের বদলা নিতে হবে। আওয়ামী লীগ কোনোদিন রাজনৈতিক দল ছিল না, এটি ছিল একটি হায়েনার দল।
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে একসময় ছাত্রশিবিরের পরিচয়ে কথা বলা যেত না, সেখানে আজ তারা বিজয়ের মাধ্যমে নেতৃত্বে এসেছে। মাত্র তিন মাসেই আমূল পরিবর্তন এসেছে। ইনশাআল্লাহ আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের আমূল পরিবর্তন আনতে বেশি দিন লাগবে না।”
উল্লেখ্য, সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার শহীদুল্লাহ, কর্মপরিষদের সদস্য আতিক জামালী, মিডিয়া বিভাগের পরিচালক সাদ্দাম হোসেনসহ ইউনিয়ন জামায়াতের সভাপতিবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএস