প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১৬ পিএম

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে 'পৈশাচিক হত্যাকাণ্ড' আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রামপুরার কাঁচাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "২৮ অক্টোবরের হত্যাকাণ্ড অতীতের সকল নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। লগি-বৈঠার সেই আন্দোলন কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল না, বরং তা ছিল 'মানুষ হত্যার আন্দোলন'।
অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়ে নায়েবে আমীর বলেন, অবিলম্বে ২৮ অক্টোবর সংক্রান্ত সকল মামলায় দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে এবং জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে 'আমার ভোট আমি দেবো; যাকে ইচ্ছা তাকে দেবো' এমন গণতান্ত্রিক সংস্কৃতি চালু করতে হবে। এজন্য তিনি জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনের দাবি জানান।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ২০০৬ সালের সেই হত্যাকাণ্ড ছিল দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ, যা দেশে গণতন্ত্র ধ্বংসের সূচনা করেছিল। নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সেজন্য আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লার বিজয়' নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, যিনি ২৮ অক্টোবরের ঘটনাকে 'দেশ ও জাতিস্বত্তাবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ' বলে অভিহিত করেন।
স্বদেশ প্রতিদিন/এমএস