জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যদি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদের আদেশ জারি করেন, তখনই তারা সনদে স্বাক্ষর করবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঐকমত্য কমিশন থেকে সংস্কার সংক্রান্ত কাগজপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন এগুলো আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। যদি জনগণকে সংস্কার ও বিচার বোঝানো না হয়, তাহলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পালানোর কোনো পথ থাকবে না।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে গিয়ে উপদেষ্টাদের সঙ্গে উপস্থিত হতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে ডাকা জরুরি। এরপর জনগণের সামনে সনদের আদেশ জারি করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন বা সচিবালয় থেকে এটি জারি করলে কার্যকর হবে না।
নাসীরুদ্দীন বলেন, উপদেষ্টা পরিষদে কেউ যদি দলীয় দাস হন এবং এর ফলে সংস্কার প্রক্রিয়া থেমে যায়, তাহলে তাদেরও যথাযথ বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, জাতীয় নির্বাচনের আগে কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য গণভোট দেওয়া প্রয়োজন। নাসীরুদ্দীন পাটওয়ারী আশাবাদ ব্যক্ত করে বলেন, এনসিপি ভবিষ্যতে সরকার গঠন করবে, কারণ আমরা জনগণের পক্ষে থাকব এবং তাদের কণ্ঠকে সামনে তুলে ধরব।
গোলটেবিল বৈঠকে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বক্তব্য দেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। বৈঠকের সঞ্চালনা করেন এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।
সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী প্রমুখ।