প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৩৯ পিএম

পাবনার চাটমোহরে ট্রাকের চাপায় অটোভ্যান চালক মোহাম্মদ নওশের প্রামাণিক (৬৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর কানখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নওশের প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নওশের অটোভ্যান নিয়ে আটঘরিয়া থেকে চাটমোহরের দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-২৪-৩৬৭৯) অটোভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কার প্রভাবে নওশের অটোভ্যান ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কেউ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে