| শিরোনাম: |

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,৬৭৪ টাকা পর্যন্ত কমেছে। নতুন সমন্বিত দামের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এই নতুন দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমানোর পরই সামঞ্জস্য করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ধরা হলো— ২২ ক্যারেট: ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।
এর আগে ২৬ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা। এই দাম ২৭ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বৃদ্ধি করা হয়েছে ৪৮ বার, আর কমানো হয়েছে ২১ বার।
গত বছর, অর্থাৎ ২০২৪ সালে দেশে স্বর্ণের দাম মোট ৬২ বার সমন্বয় করা হয়েছিল। সে সময় দাম বেড়েছিল ৩৫ বার এবং কমানো হয়েছিল ২৭ বার।
স্বদেশ প্রতিদিন/ আরএফ