প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:১১ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ১০:২১ PM

ভোলায় জিনের বাদশা সেজে অনলাইনে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় জাহাঙ্গীর মাঝি নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র্যাব-৮ এর সদস্যরা।
র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, জাহাঙ্গীর মাঝি ও অজ্ঞাতনামা সহযোগীরা জীনের বাদশাহ সেজে অনলাইনে বশীকরণের বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। চট্টগ্রামের বাসিন্দা মোঃ দিদারুল আলম (৪০) তাদের বিজ্ঞাপন দেখে ব্যক্তিগত সমস্যার কথা জানালে প্রতারকরা বশীকরণের মাধ্যমে তা সমাধানের আশ্বাস দেয়। পরে ভুক্তভোগীর থেকে বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে মোট ৫৩ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।
কিছুদিন পর ভুক্তভোগী তাদের প্রতারণা বুঝে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করলে সেটি ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। এরপর র্যাব সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করে।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে প্রতারক চক্রের আরেক সদস্য কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার সহযোগী পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস