মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়া অব্যবস্থাপনার ফল: ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:২৪ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে একজন পথচারীর মৃত্যু হওয়ার ঘটনায় দেশের প্রকৌশল খাতের দীর্ঘদিনের দুর্নীতি, অযোগ্য নিয়োগ ও প্রশাসনিক অব্যবস্থার দায়ী বলে মন্তব্য করেছে ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শহীদ মিনারের পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সংগঠনের নেতারা বলেন, হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রোরেল প্রকল্পেও দুর্ঘটনা ঘটছে, যা প্রকৌশল খাতে দুর্নীতি ও অনিয়মের বিস্তার প্রমাণ করছে। নিয়োগ, টেন্ডার, মালামাল ক্রয় থেকে শুরু করে প্রকল্প তদারকিতে গাফিলতি বিদ্যমান।
তারা অভিযোগ করেন, দেশে একটি শক্তিশালী “ডিপ্লোমা সিন্ডিকেট” গড়ে উঠেছে, যা কোটার মাধ্যমে গুরুত্বপূর্ণ পদ দখল করেছে। এর ফলে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, অস্টসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেধাবী বিএসসি ইঞ্জিনিয়াররা সরকারি চাকরিতে প্রবেশ করতে পারছেন না। নবম ও দশম গ্রেডের পদেও কোটাভিত্তিক ডিপ্লোমাধারীদের নিয়ন্ত্রণ থাকায় অন্যান্য যোগ্যদের সুযোগ সীমিত।
সংগঠনটি আরও জানিয়েছে, নন-টেকনিক্যাল ব্যাক্তিরা যেমন বাংলা, সমাজবিজ্ঞান ও প্রশাসন বিভাগের কর্মকর্তারা প্রকৌশল খাতের গুরুত্বপূর্ণ পদে বসছেন, যা দেশের অবকাঠামোগত নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
এছাড়া, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এর মতো বড় প্রতিষ্ঠানে এখনও কোনো সুনির্দিষ্ট সার্ভিস রুল বা অর্গানোগ্রাম নেই। সরকারি কমিটিগুলো দুর্নীতি ও বৈষম্য রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কোনো ফলাফল আসেনি, তবে তাদের মেয়াদ জবাবদিহি ছাড়াই বাড়ানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে