প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:৪২ পিএম

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও আলোচনায়—তবে এবার নিজের ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং হবু পুত্রবধূর সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের জন্য। ছেলের প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিনে তাকে স্নেহে ভরিয়ে দিয়েছেন শ্রাবন্তী, যা এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
দীর্ঘদিন ধরে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি ঝিনুকের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন দামিনী। শুরু থেকেই এ সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন শ্রাবন্তী।
দামিনীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী ও অভিমন্যু দুজনেই। সেখানে শ্রাবন্তী তার হবু পুত্রবধূর গালে ভালোবাসায় চুমু খাইয়ে কেক খাওয়ান। এই মুহূর্তের ছবি প্রকাশ পেতেই দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে।
এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছিলেন, দামিনীর সঙ্গে তার সম্পর্ক প্রচলিত শাশুড়ি-বৌমার সম্পর্কের মতো নয়—বরং অনেকটা ‘বোনের মতো’। কারণ, তাদের বয়সের পার্থক্য খুব কম; শ্রাবন্তীর চেয়ে দামিনী মাত্র দশ বছরের ছোট। মজার ব্যাপার হলো, দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়েও বয়সে কিছুটা বড়।
অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। অভিনেত্রীর ভাষায়, “অভিমন্যু আমার খুব ভালো বন্ধু, আবার তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।”
সম্প্রতি দুর্গাপূজায় মুক্তি পাওয়া শ্রাবন্তীর নতুন সিনেমা ‘দেবী চৌধুরানি’ ব্যবসায়িকভাবে সফল হয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ