প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:৩৮ AM

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের (২৬ অক্টোবর) রাতটা ছিল নাটকীয়। একদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে আর্সেনাল, অপরদিকে হোঁচট খেয়ে অ্যাস্টন ভিলার কাছে হার মেনেছে ম্যানচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে নিজেদের মাঠে দুর্দান্ত খেলেছে মিকেল আর্তেতার দল। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩৯তম মিনিটে, এবেরেচি এজের পা থেকে। ক্রিস্টাল প্যালেস থেকে মৌসুমের শুরুতে আর্সেনালে যোগ দেওয়া এই ইংলিশ মিডফিল্ডারই এনে দেন দলের টানা জয়ের আনন্দ।
পুরো ম্যাচজুড়ে আর্সেনালের ছিল দৃঢ় আধিপত্য। ৬০ শতাংশ বল দখলে রেখে গানাররা নেয় ১০টি শট, যার একটি থেকেই আসে গোল। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্তেতার শিষ্যরা।
অন্যদিকে, ভিলার পার্কে বড় ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৯তম মিনিটে ম্যাটি ক্যাশের গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক অ্যাস্টন ভিলা, যা আর ফিরিয়ে আনতে পারেনি পেপ গার্দিওলার দল।
এই পরাজয়ে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে সিটি। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে টেবিলের পঞ্চম স্থানে। লিগে এটি তাদের তৃতীয় হার।
এদিকে দিনের আরেক ম্যাচে এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। টমাস ফ্রাঙ্কের দল এই জয়ে উঠে এসেছে টেবিলের তৃতীয় স্থানে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে