প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ২:২২ AM

নারী ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি। বারবার বৃষ্টির বাধায় খেলা থেমে যাওয়ায় ওভার কমানো হলেও শেষ পর্যন্ত ম্যাচটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে মাত্র একটি জয় নিয়ে টুর্নামেন্টের সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করল বাংলাদেশের নারী ক্রিকেট দল।
রবিবার (২৬ অক্টোবর) ফার্মগেটের মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে দলটি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য নির্ধারিত হয় ১২৬ রান।
বাংলাদেশের পক্ষে শারমিন আক্তার সর্বোচ্চ ৩৬ রান করেন, আর মোস্তারি যোগ করেন ২৬ রান। ভারতের হয়ে রাধা যাদব ৬ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। ওপেনার স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কাউর ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুললে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল দলটি। কিন্তু এরপর আবারও শুরু হয় বৃষ্টি, যা আর থামেনি। ফলে ম্যাচ রেফারি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। তখন মান্ধানা ৩৪ ও কাউর ১৫ রানে অপরাজিত ছিলেন।
এই ম্যাচটি ভারতের জন্য ছিল নিয়মরক্ষার লড়াই, কারণ দলটি আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশ নারী দল ৭ ম্যাচে ১ জয়, ৫ পরাজয় ও ১টি পরিত্যক্ত ম্যাচ নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে সপ্তম অবস্থানে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে