প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম

জাবিতে আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আফসানা করিম রাচির স্মৃতি স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শহিদ মিনার পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে।
আজ রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে “আফসানা করিম রাচি স্মৃতি সড়ক” এর ফলক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণের সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আফসানা করিম রাচি’র পরিবার। তাদের একমাত্র দাবি ছিলো; ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী এভাবে প্রাণ না হারায়।
তিনি আরও বলেন, সন্তানের অভিভাবক হিসেবে অসীম ধৈর্য ও মানবিকতার উদাহরণ রেখেছেন রাচির বাবা-মা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।
উপাচার্য জানান, শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নিয়ন্ত্রিত ও নিয়ম-নীতি মেনে অটোরিকশা চলাচল পুনরায় চালুর বিষয়ে রাচি’র পরিবার সম্মতি দিয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, আফসানা করিম রাচির বাবা-মা, জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান, জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং রাচি’র পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, আফসানা করিম রাচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার স্মৃতির প্রতি সম্মান জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সড়কটির নামকরণ করেছে।