প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮:৪০ পিএম

নোয়াখালীর সোনাইমুড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল কাশেম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় আবেদ ভুঁইয়া বাড়ির সামনে। নিহত আবুল কাশেম ওই এলাকার দুধ মিয়ার ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনাইমুড়ি গ্রামের হাবিবুল্লাহ ডাক্তার বাড়ির মাইন উদ্দিন, তার ছেলে রাকিব এবং জমাদার বাড়ির আবুল খায়ের মাস্টার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার স্থানীয় মসজিদের সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জমাদার বাড়ির খায়ের মাস্টারের সঙ্গে ভুঁইয়া বাড়ির ফরহাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর সালিশ বসার কথা থাকলেও তা না হওয়ায় বিকেলে পুনরায় খেলতে যায় ফরহাদ। খেলার সময় রাহাত, সজীব ও জসিমের সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা ফরহাদকে মারধর করলে বিষয়টি শুনে আবুল কাশেম ও তার ছেলে সোহাগ এগিয়ে গিয়ে বাধা দিতে যান।
এ সময় খায়ের মাস্টারসহ ৩০-৪০ জন লোক ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। খায়েরের ছেলে আনোয়ার, ফারুক ও জাহাঙ্গীরসহ কয়েকজন ইট দিয়ে কাশেমের মাথা ও শরীরে উপর্যুপরি আঘাত করে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন কাশেম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে