প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৩৫ পিএম আপডেট: ২৪.১০.২০২৫ ১০:১১ PM

ফাইল ছবি
ওমরাহযাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। এখন থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার আগে সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়মটি সকল দেশের নাগরিক ও সব ধরনের ভিসাধারীর জন্য প্রযোজ্য হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে- গত সপ্তাহে সাঈদ মিরান নামে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে দুবাই বিমানবন্দরে যান। কিন্তু তাকে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে থামিয়ে দেয়া হয় এবং রিটার্ন টিকিট দেখাতে বলা হয়।
মিরান জানান, তার ওমরাহ ভিসা আছে এবং তিনি মক্কায় কয়েকদিন অবস্থান করবেন। এরপর যদি সময়সূচি মেলে তাহলে মদিনাতেও যাবেন। এজন্য তিনি রিটার্ন টিকিট কাটেননি। কিন্তু দুবাই বিমানবন্দরে তাকে জানানো হয়, রিটার্ন টিকিট আগেই কাটতে হবে।
মিরানের কথায়, ‘আমি ভেবেছিলাম মদিনাতে কয়েকদিন থেকে এরপর ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেব। কিন্তু আমি যখন চেক-ইনে গেলাম, তারা জানালো- রিটার্ন টিকিট না কাটা পর্যন্ত আমাকে বোর্ডিং পাস দেয়া হবে না। তখন কাউন্টার বন্ধ হওয়ার সময়। হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে। এরপর অনলাইনে রিটার্ন টিকিট কাটতে আমার আধা ঘণ্টা সময় লাগলো। তারপর আমাকে চেক-ইন দেয়া হলো।’
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন—ওমরাহযাত্রীদের ভ্রমণের তারিখ নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ ও বিভিন্ন এয়ারলাইন্স নতুন বিধিনিষেধ আরোপ করেছে। তারা জানান, সব দেশের নাগরিক এবং সব ধরনের ভিসাধারীর জন্য রিটার্ন টিকিট এখন বাধ্যতামূলক করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ