প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৩৫ পিএম

তরুণ প্রজন্ম জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দেখতে চায় না। তারা দেশের ভাগ্য নির্ধারণে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার ( ২৪ অক্টোবর ) বরিশাল সদর উপজেলার চাঁদের হাট স্পোর্টস ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু নাসের রহমাতুল্লাহ বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের আওয়াজ তুলছে, তারা আসলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তরুণ প্রজন্ম সেই ষড়যন্ত্রে পা দেবে না। তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। বর্তমান প্রজন্ম দেশের রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা পরিবর্তন চায়, তারা গণতান্ত্রিক মূল্যবোধ চায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান বলেন, আগামীর নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্বশীল অংশগ্রহণই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা।
এছাড়া একই দিনে বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আবু নাসের রহমাতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মু. শাহে আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, উপদেষ্টা সম্পাদক সাখাওয়াত হোসাইন হাওলাদার, সম্পাদকমণ্ডলীর সভাপতি ডা. কে এম জাহিদুল ইসলাম এবং সম্পাদক আযাদ আলাউদ্দীনসহ গণমাধ্যমকর্মী, প্রতিনিধিসহ অতিথিবৃন্দ।
পৃথক কর্মসূচির অংশ হিসেবে চরমোনাইতে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আসাদুজ্জামান খান, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা আবু হানিফ, চরমোনাই ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শীষ মোহাম্মদ মামুন, ইউনিয়ন বিএনপি নেতা মুহাম্মদ জসিম উদ্দিন ও আমিনুল ইসলাম পাখি প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/রাফি