প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:৪৮ পিএম

পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্টে’র অভিযানে আওয়ামী লীগ নেতা মজিবুর গাজী (৫৪) ও যুবলীগ নেতা মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশের একটি দল ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে হাজিরহাট এলাকা থেকে মজিবুর গাজী ও মেহেদী হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালায়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। ওই ঘটনায় ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে দশমিনা থানায় সাবেক এমপি সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৪৮ জন সহ অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বৃহস্পতিবার রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের নেতা মজিবুর গাজী ও যুবলীগের মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।
স্বদেশ প্রতিদিন/এমএস/ওএফ