প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:২০ পিএম

নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায় সংরক্ষিত ম্যানগ্রোভ বন থেকে ৮৭৬টি গেওয়া গাছ কেটে জমি দখলের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। গ্রেপ্তারকৃত আব্দুল মন্নান মেস্তুরী ওই ইউনিয়নের হাজীর গোপট এলাকার বাসিন্দা ও আব্দুল মোতালেবের ছেলে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর ইউনুছ এলাকার হাজীর গোপট সংলগ্ন সংরক্ষিত বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
জাহাজমারা বিট কর্মকর্তা মো. সোহাগ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে প্রায় সাত-আটজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই আব্দুল মন্নানকে হাতে-নাতে আটক করা হয়। এসময় সদ্য কাটা ৮৭৬টি গেওয়া চারা গাছ এবং একটি দা জব্দ করা হয়।
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা ও নোয়াখালী জেলার সহকারী বন সংরক্ষক এ.কে.এম. আরিফ-উজ-জামান বলেন, “চর ইউনুছ এলাকায় প্রায় ১,২০০ একর সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি রয়েছে। হাজীর গোপট এলাকাটি অপরাধপ্রবণ হওয়ায় ভূমিদস্যুরা প্রায়ই এখানে বনভূমি দখলের চেষ্টা করে। বন বিভাগের নিয়মিত টহল ও নজরদারির কারণে এসব অবৈধ কার্যক্রম প্রতিনিয়ত দমন করা হচ্ছে। বনের নিরাপত্তা রক্ষায় প্রতিদিন শিফটভিত্তিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস