প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:১০ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে আগামী শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দেশবাসীর কাছে এই বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ দফা গণদাবি উপস্থাপন করা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও তার ওপর নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ঘোষিত ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর (শনিবার) সব মহানগর ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।