মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় নিজ বাস ভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ ক ম মোজাম্মেল হক।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক মুন্সীগঞ্জ -৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দেন।
তিনি সংবাদকর্মীদের বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (মুন্সিগঞ্জ সদর-গজারিয়া) থেকে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি দলের নির্দেশে নিজ এলাকায় রাষ্ট্র সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার পত্র বিতরণ ও গণসংযোগ করে যাচ্ছেন।”
তিনি জানান, দলের প্রতি তার দায়িত্বশীলতা, বিগত দিনে হামলা মামলা জেল জুলুম অত্যাচার সহ্য করে দলের জন্য নিবেদিত থাকায় তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আাশাবাদী।
মত বিনিময় সভায় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে মাদক মুক্ত করাসহ বেকার সমস্যা সমাধান এবং গজারিয়া উপজেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন ও রসুলপুরে বহুল প্রত্যাশিত ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।”
এছাড়াও যদি মনোনয়ন না পান, তবে বিএনপি কেন্দ্র ঘোষিত মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। এবং জামায়াতে ইসলামীর জাতীয় সংসদ নির্বাচনের পিআর পদ্ধতি দাবির সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরো একাধিক স্থানীয় ও কেন্দ্রীয় নেতা আসন জুড়ে গণসংযোগ ৩১ দফার প্রচার পত্র বিতরণ, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা, অসচ্ছল ও দুস্থদের আর্থিকভাবে সহায়তা প্রদানসহ নানামুখী জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এদের মধ্যে উল্লেখযোগ্য প্রচারণা করে আসছেন বিএনপির নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ।