প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি
রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৩৮টি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এই হিসাবগুলিতে মোট ৬৪ লাখ ২১ হাজার ৫৩৫ টাকা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক এবং আমানতকারীদের অর্থ তছরুপ এবং পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক হিসাব নিয়ে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। বিএফআইইউ থেকে পাওয়া অভিযোগের অনুসন্ধান চলছে।
অভিযোগগুলো পর্যালোচনা করে দেখা গেছে মানি লন্ডারিংয়ের উপাদান থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে। তাই আদালত মনে করছেন, তাদের নামে বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অপরিহার্য।