প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম

প্রতীকী ছবি
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ছোটআলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার বাড়ির মো. ফারুক হোসেনের মেজো ছেলে মো. তুহিন পেশায় একজন দোকান কর্মচারী। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায় এবং বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলে। খেলা শেষে বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। ওই সময় তার রুমের ফ্যানের লাইন নষ্ট দেখে তা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তুহিন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্ট তুহিনের বাবা মো. ফারুক হোসেন বলেন, তুহিন রাতে ঘুমাতে গেলে দেখে তার রুমের ফ্যান চলছে না। এক পর্যায়ে দেখে বৈদ্যুতিক তার ছিঁড়ে সমগ্র ঘরে আর্থিং হয়ে আছে। এ সময় সে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন, আমার ছেলে আর নেই।
এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।