প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:০২ পিএম

সংগৃহীত ছবি
পূর্বের বিরোধের জেরে পাবনার ফরিদপুর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার মধ্য পুংগলী গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
স্থানীয়রা জানান, গত বছর ঈদগাহ মাঠে নামাজের সময় সামনের কাতারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করেই আজ সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
আহতদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।
স্বদেশ প্রতিদিন/শাহো