প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:৩৫ AM আপডেট: ২২.১০.২০২৫ ১:৪০ এএম

সংগৃহীত ছবি
এবারের দীপাবলি উৎসব পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জীবনে বিশেষ আনন্দ নিয়ে এসেছে। দীপাবলির ঠিক আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হয়েছেন। তিনি আরও একাধিক সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।
দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। গত শনিবারই স্ত্রীকে নিয়ে দিল্লি উড়াল দিয়েছিলেন রাজনীতিবিদ রাঘব চাড্ডা। এরপরের দিনই তাদের ঘর আলো করে এলো নতুন অতিথি।
মা হওয়ার পরই পরিণীতির পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানেই পরিণীতি একাধিক সন্তানের মা হওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।
ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি শিশু দত্তক নিতে চাই, এটা আমার অনেকদিনের ইচ্ছা। সেই সঙ্গে একাধিক সন্তানের জন্ম দিতে চাই।’ পরিণীতির এই মানবিক ইচ্ছাকে সম্মান জানিয়েছেন নেটিজেনরা।
তবে মজার ব্যাপার হলো, পরিণীতি যা বলেন তা নাকি উল্টো ঘটে। একসময় এই অভিনেত্রীই জানিয়েছিলেন যে তিনি কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। অথচ শেষমেশ জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নিয়েছেন। তাই অনেকেই এখন বলছেন, পরিণীতির একাধিক সন্তানের স্বপ্নও কি বাস্তবে রূপ নেবে?
চলতি বছরের আগস্ট মাসে রাঘব-পরিণীতি দম্পতি তাদের ভক্তদের সঙ্গে নতুন অতিথির আগমনের খবর ভাগ করে নিয়েছিলেন। গর্ভাবস্থার নানা সুন্দর মুহূর্তও তারা নিয়মিত অনুরাগীদের সঙ্গে শেয়ার করতেন।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ