প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১:০৮ AM

প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় তানভীর (১৪) নামে এক কিশোর কর্মচারীর পায়ুপথে কম্প্রেসার মেশিনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা ঘটে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোস্তফা প্লাস্টিক কারখানায়।
হাসপাতালে তানভীরের সহকর্মী মো. মামুন জানিয়েছেন, তারা কারখানায় কাজ করতেন। সন্ধ্যার সময় অপর দুই কর্মচারী সিয়াম (১৬) ও রিফাত (১৭) দুষ্টুমি করে কম্প্রেসার মেশিনের পাইপ ব্যবহার করে তানভীরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এর ফলে তানভীর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতাল নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
তানভীরের বাবা মানিক মিয়া জানান, সন্ধ্যার সময় জানতে পারেন, কারখানার কয়েকজন কর্মচারী তানভীরের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়েছে। মিটফোর্ড হাসপাতালে গিয়ে তিনি তানভীরকে আহত অবস্থায় পান এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তানভীরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতের সময় আহত অবস্থায় কিশোরটি হাসপাতালে আনা হয়। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/শাহো