প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১:১৬ AM

ফাইল ছবি
সরকার ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা ৯ জন সিনিয়র সচিব ও সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতের দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অবসরে পাঠিয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সবাই গণঅভ্যুত্থানের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সিনিয়র সচিব ও সচিব পদে ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওএসডি (বিশেষ দায়িত্বে রাখা) করে রেখেছিল।
৯ জনের মধ্যে দুজন সিনিয়র সচিব এবং সাতজন সচিব রয়েছেন। সিনিয়র সচিব হলেন মো. মনজুর হোসেন এবং মো. মশিউর রহমান। ওএসডি সচিবদের মধ্যে আছেন মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান এবং শফিউল আজিম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী, সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই ব্যক্তিকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে, তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ৯ জন সচিব ও সিনিয়র সচিব অবসরকালীন সুবিধা পাবেন।
স্বদেশ প্রতিদিন/শাহো