জুবায়েদ হত্যায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি নজরুল বিশ্ববিদ্যালয় কুমিল্লা অ্যাসোসিয়েশনের
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসেনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা অ্যাসোসিয়েশন গভীর বিরোধ ও ক্ষোভ ব্যক্ত করে দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লা অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
অ্যাসোসিয়েশনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড কেবল এক ব্যক্তির জীবনহানি নয়; এটি দেশের যুবসমাজের নিরাপত্তা ও শিক্ষাক্ষেত্রে শান্তি নষ্টের একটি উদ্বেগজনক সংকেত। তাই আমরা ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার এবং দেশের প্রযোজ্য আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার তীব্র আহ্বান জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যেন যথাসম্ভব দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে—যাতে ভবিষ্যতে কোনো নিরপরাধ শিক্ষার্থী এমন নির্মমতার শিকার না হয়। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা এই হত্যার প্রতিবাদ অব্যাহত রাখব এবং প্রয়োজনীয় সব প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
উল্লেখ্য, জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলা পাম্পের গলিতে নির্মমভাবে নিহত হন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ