প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:৪২ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৮:০৮ PM

“আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আদর্শ চর্চা করতে পারেন। শিবির কখনো কাউকে কিছু চাপিয়ে দেয় না”—এ কথা উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “আমাদের আদর্শ ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে করবেন না। আদর্শ বা চেতনা নিয়ে জোরজবরদস্তির যে রাজনীতি অতীতে হয়েছে, তা আর বাংলাদেশে চলবে না।”
রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিএম কলেজ শাখা শিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম কলেজ শাখা শিবিরের সভাপতি শাহেদ খান এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি নাহিদ আল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ রাফি।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগর সাবেক সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান এবং বায়তুল মাল সম্পাদক নাজমুল হক প্রমুখ।
অনুষ্ঠানে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। এতে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা এবং ইতিবাচক মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ক্যারিয়ার গঠনের পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। জুলাইয়ের স্পিরিট ও শাহাদাত আমরা ভুলব না। তাঁদের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা—আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ