প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:২৮ পিএম

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, আগুনে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হন। পরে খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফ বলেন, “রাত ১১টার দিকে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে একটি ইউনিট পাঠানো হয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দোকানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে নয়ন ইলেকট্রনিকস, মহাসিন স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পোলট্রি ফার্মসহ আরও কয়েকটি দোকান, যেগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, “প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। কিছুক্ষণ পরেই শুনি বাজারে আগুন লেগেছে। ছুটে এসে দেখি সব পুড়ে যাচ্ছে। আমরা নিজেরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। এখন আমাদের সব শেষ। প্রশাসন যদি পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবো।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে