বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাঞ্চনজঙ্ঘা দেখা না মিললেও
ভ্রমণে মন ভরাবে তেঁতুলিয়া-পঞ্চগড়ের যেসকল দর্শনীয় স্থান
তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৫:৩৫ PM
তেঁতুলিয়া গেট

তেঁতুলিয়া গেট

শরৎ-হেমন্তের নীল আকাশে মেঘ সরে গেলে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ধরা দেয় বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত উপজেলা তেঁতুলিয়া থেকে। সাধারণত এটি নেপাল কিংবা ভারতের সিকিম থেকে দেখা গেলেও বিনা পাসপোর্ট-ভিসায় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এর দর্শন পাওয়া যায় শুধুমাত্র তেঁতুলিয়ায়। তবে গত দুই সপ্তাহ ধরে মেঘ-কুয়াশার আবরণে লুকিয়ে থাকায় হতাশ হয়েছেন পর্যটকরা। অবশেষে বুধবার (১৫ অক্টোবর) সকালে আকাশ পরিষ্কার হলে ঝলমলে ভোরে আবারও দৃশ্যমান হয় কাঞ্চনজঙ্ঘা।

কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা


প্রকৃতি অনুকূল থাকলে তেঁতুলিয়া এলাকায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভোরবেলায় সবচেয়ে ভালোভাবে দেখা যায় পর্বতশ্রেণিটি। তবে অনেকেই ভাগ্য সহায় না হওয়ায় কাঙ্ক্ষিত স্বপ্নের কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও হতাশ হন, এমন পর্যটকের সংখ্যাও কম নয়। পর্যটন বিশ্লেষকদের মতে, কাঞ্চনজঙ্ঘা শুধু একটি পাহাড় নয়, এটি উত্তরাঞ্চলে পর্যটন বিকাশের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সপ্তাহান্তে এখানে পর্যটকের ঢল নেমে আসে। ইতোমধ্যে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অধিকাংশ আবাসিক হোটেল-রিসোর্টের বুকিংও সম্পন্ন হয়েছে।







কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় ৮ হাজার ৫৮৬ মিটার (২৮ হাজার ১৬৯ ফুট)। এটি পৃথিবীর তৃতীয় ও হিমালয় পর্বতমালার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। নেপাল ও ভারতের সীমান্ত এলাকায় অবস্থিত এই পর্বতশ্রেণি পরিষ্কার আবহাওয়ায় তেঁতুলিয়া থেকে দেখা যায়। তবে কাঞ্চনজঙ্ঘা না দেখলেও পঞ্চগড়ে রয়েছে এমন সব দর্শনীয় স্থান, যা ভ্রমণপিপাসু মানুষকে নিরাশ করবে না। কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেলে ঘুরে দেখতে পারেন যেসব স্থান-

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট


বাংলাদেশের সর্বউত্তরের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরেই ভারত, নেপাল ও ভুটানের সংযোগ এলাকা। এখানে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট এবং জিরোপয়েন্ট, যেখানে দাঁড়িয়ে সীমান্তের প্রকৃতি উপভোগ করেন পর্যটকরা। রয়েছে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট শো।

ভিতরগড় প্রাচীন দুর্গনগরী


দেড় হাজার বছরের পুরনো ভিতরগড় দুর্গনগরী দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রত্নতাত্ত্বিক নগর বলে ধারণা করা হয়। এখানে রয়েছে মহারাজা দীঘি, প্রাচীন নগর প্রাচীর, প্রত্নস্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন।

পাথরের জাদুঘর (রক্স মিউজিয়াম)


জেলা শহরের সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অবস্থিত এশিয়ার একমাত্র পাথরের জাদুঘর—রক্স মিউজিয়ামে সংরক্ষিত আছে হাজার বছরের প্রাকৃতিক পাথর ও প্রত্নসম্পদ।

মীরগড় ইকোপার্ক

করতোয়া নদীর তীরে নির্মিত মীরগড় ইকোপার্ক পরিবার নিয়ে বেড়ানোর আদর্শ স্থান। ফুল-ফল গাছ, কৃত্রিম লেক, ওয়াকওয়ে ও সবুজ বনানীতে সমৃদ্ধ এ পার্কে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা।

শাহী মসজিদ ও ঐতিহাসিক মন্দির


আটোয়ারীতে রয়েছে শাহী মসজিদ, ইমামবাড়া, বার আউলিয়া মাজারসহ প্রাচীন ইসলামিক স্থাপত্য। দেবীগঞ্জ ও বোদায় রয়েছে গোলকধাম মন্দির, মহাপীঠ বদ্বেশ্বরী মন্দির, জগবন্ধু ঠাকুরবাড়ী, যা ইতিহাসপ্রেমী পর্যটকদের টানে।

ময়নামতি চর

দেবীগঞ্জে করতোয়া নদীর বুকে গড়ে ওঠা ময়নামতি চর পিকনিক স্পট হিসেবে জনপ্রিয় হচ্ছে। ঘন সবুজে ঘেরা নির্জন এ দ্বীপ প্রকৃতি উপভোগের অন্যতম স্থান।

পর্যটকদের জন্য সেবা ও নিরাপত্তা


তেঁতুলিয়ায় ইতোমধ্যে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল, রিসোর্ট ও গেস্টহাউস। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের গ্রিন টি ভ্যালি রিসোর্ট, মেঘকুঞ্জ, কাঠের বাড়িসহ পর্যটনবান্ধব বেশ কিছু রিসোর্ট জনপ্রিয়তা পেয়েছে।

ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের সভাপতি সরকার হায়দার বলেন, কাঞ্চনজঙ্ঘা প্রাকৃতিক বিষয়। ভাগ্য ভালো হলে দেখা যায়। তাই শুধু এটাকে লক্ষ্য না করে পঞ্চগড়ের অন্যান্য পর্যটন স্পটও ঘুরে দেখলে ভ্রমণের সফলতা আসে।


ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কেএম আজমিরুজ্জামান জানান, পর্যটকদের নিরাপত্তায় আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে। যেকোনো প্রয়োজনে ফোনেই সহায়তা পাবেন পর্যটকরা।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় পর্যটন জেলা। আমরা মীরগড়ে ইকোপার্ক নির্মাণ করেছি এবং পর্যটন উন্নয়নে আরও উদ্যোগ নিচ্ছি।

তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখা না মিললেও সংগ্রহে থাকবে ভ্রমণের আনন্দ—প্রকৃতি, ইতিহাস আর সীমান্তসংস্কৃতি মিলিয়ে পঞ্চগড় এখন উত্তরবঙ্গের নতুন পর্যটন রাজধানী।


কীভাবে যাবেন?

ঢাকা থেকে সড়কপথে বাসযোগে পঞ্চগড় পৌঁছানো যায় ১০–১১ ঘণ্টায়। এরপর তেঁতুলিয়া যেতে সময় লাগবে প্রায় ১ ঘণ্টা। বাংলাবান্ধা সীমান্ত পর্যন্ত স্থানীয় পরিবহন পাওয়া যায়। পর্যটকদের জন্য গাইড ব্যবস্থা, হোটেল ও রিসোর্ট বুকিং সেবা দিচ্ছে স্থানীয় বিভিন্ন ট্যুর এজেন্সি।

তেঁতুলিয়ায় গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা ভাগ্যের ব্যাপার – তবে পঞ্চগড় ভ্রমণ কখনোই বৃথা যায় না। প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য আর সীমান্ত সংস্কৃতির এক অনন্য সমন্বয়ই এই পাহাড়কন্যা অঞ্চলের বৈচিত্র।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   পঞ্চগড়   কাঞ্চনজঙ্ঘা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close