আকস্মিক ভয়াবহ অগ্নিকাণ্ডে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এছাড়াও আরো ১৬টি ইউনিট পথে রয়েছে বলে জানা যায়।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।
এ অবস্থায় বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে ২০টি ইউনিট ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।