প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৫:১৪ পিএম

সংগৃহীত ছবি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ‘জুলাই সনদ’ স্বাক্ষরের দিন বিক্ষোভে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন গতকাল আহত হওয়া জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী বলেছেন। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “সম্ভবত তিনি ভুল তথ্য পেয়েছেন। কারণ, তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না- তাই হয়তো জানেন না, কারা রাজপথে লড়াই করেছে, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছে।”
এ ধরনের মন্তব্য আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের প্রতি অবমাননাকর উল্লেখ করে বিএনপি নেতার এই বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, “যখন আতিকুল গাজী- যার হাত কেটে গেছে, বা শহীদ মীর মুগ্ধের পরিবারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তখন সেটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
সালাহউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তিনি যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করেন, আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের কাছে ক্ষমা চান এবং তাদের কাছ থেকে জুলাই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জানেন।”
এর আগে আজ সকালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলার চেষ্টা করেছে। আমরা মনে করি, এটি ফ্যাসিস্ট সরকারের বাহিনীর কাজ। সত্যিকারের জুলাই যোদ্ধাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।”
উল্লেখ্য, গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধারা’। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে সংঘর্ষের ঘটনা ঘটে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়।