প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:৫৪ পিএম

নোয়াখালীর হাতিয়ার পর্যটনকেন্দ্র নিঝুমদ্বীপ সী-বিচ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাবেক দুই ইউপি সদস্যসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাহাজমারা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ মামলাটি দায়ের করেন হাতিয়া থানায়।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিলুপ্ত কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং একই কমিটির সহ-সভাপতি সাহেদ উদ্দিন। মামলায় আরও চারজনকে অভিযুক্ত করা হয়েছে, যারা স্থানীয়ভাবে প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সক্রিয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার সংলগ্ন সী-বিচ এলাকায় একটি প্রভাবশালী গ্রুপ ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছিল। পরে সেই বালু পাওয়ার টিলারের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল।
প্রথমে প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা অবৈধ কার্যক্রম চালিয়ে গেলেও পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়। এরপরই মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
অভিযুক্ত সাহেদ উদ্দিন দাবি করেছেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। তার ভাষ্য, “পরিকল্পিতভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেই যেন ব্যবস্থা নেওয়া হয়।”
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “হাতিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলেও প্রশাসন কঠোরভাবে তা প্রতিহত করেছে। বিশেষ করে নিঝুমদ্বীপের মতো সংরক্ষিত পর্যটন এলাকায় সী-বিচ থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে