প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৩১ AM

সংগৃহীত ছবি
নাটোরের লালপুরে একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। ব্যতিক্রমী এই ঘটনার পর থেকে বাবা-মেয়ে দুজনই এলাকায় প্রশংসার কেন্দ্রবিন্দুতে।
এলাকাবাসী জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান ও তাঁর মেয়ে হালিমা খাতুন পৃথক দুটি কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে প্রবেশ করেন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন। তখন তিনি কাউকে না জানিয়েই ভর্তি হয়েছিলেন এবং মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি ব্যাপক প্রশংসা পান।
এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ও একসঙ্গে পাস করেন।
মেয়ে হালিমা খাতুন বলেন, “পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।”
বর্তমানে আব্দুল হান্নান স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার পরিচালনা করছেন। তার অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি ভালোবাসা স্থানীয় সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, “শিক্ষার কোনো বয়স নেই; এই কথাটির বাস্তব উদাহরণ আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই এবং প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”