প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৫৬ AM

সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানে যাত্রীবেশে দুই ছিনতাইকারী ব্যাটারিচালিত অটোরিকশা চালক মেহেদী হাসানকে (৩৩) কুপিয়ে গুরুতর আহত করে অটোরিকশাটি ছিনতাই করেছে।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে গুলিস্তান জিপিও এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মেহেদী বরিশালের কোতোয়ালি উপজেলার হরিনা সোনিয়া গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি মুগদায় শামীমের গ্যারেজে থাকেন।
হাসপাতালে মেহেদীকে নিয়ে আসা সহকর্মী ওসমান গনি (টোকাই) জানান, রাত সাড়ে ১১টার দিকে দুজন যাত্রী জিপিও’র সামনে থেকে অটোরিকশায় ওঠেন। কিছুদূর যাওয়ার পর অন্ধকার জায়গায় পৌঁছালে তারা ধারাল অস্ত্র দিয়ে মেহেদীকে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মেহেদী বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।