প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:১৮ AM

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠতে হলে চাইনিজ তাইপেকে হারানো ছাড়া কোনো পথ খোলা ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু জর্ডানের আকাবায় শুক্রবার (১৭ অক্টোবর) সেই ‘বাঁচা-মরার’ ম্যাচে ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাইফুল বারী টিটুর দল।
ম্যাচের আগের দিনই কোচ টিটু আশাবাদী মন্তব্য করেছিলেন—দলটি জয়ের জন্য প্রস্তুত। তবে মাঠের পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা যায়নি। প্রস্ততি ম্যাচ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুটি খেলা সত্ত্বেও মূল লড়াইয়ে বাংলাদেশ ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করেছিল তারা, আর দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ভেঙে পড়ে চাইনিজ তাইপের বিপক্ষে।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ছিল রক্ষণে ব্যস্ত। নবম মিনিটেই ডিফেন্ডারের অপ্রয়োজনীয় ফাউলে পেনাল্টি পায় চাইনিজ তাইপে। সেখান থেকেই উ ক্যাই-শুয়ান গোল করে দলকে এগিয়ে নেন। ৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে চুং ইউন চিয়েনের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণভাগ আরও দুর্বল হয়ে পড়ে। ৬৬ মিনিটে তৃতীয় গোল খাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অর্পিতারা। শেষ দিকে আরও দুইবার বল জালে জড়িয়ে ৫-০ ব্যবধানে বড় জয় তুলে নেয় চাইনিজ তাইপে।
এ হারের ফলে থেমে গেল বাংলাদেশের আরেকটি স্বপ্ন। গত জুলাইয়ে জাতীয় নারী দল ও আগস্টে অনূর্ধ্ব-২০ দল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। আজ অর্পিতাদের জয় মানে হতো এক বছরের ব্যবধানে তিনটি বয়সভিত্তিক নারী দলের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার অনন্য ইতিহাস। কিন্তু সেই ইতিহাস গড়ার দোরগোড়ায় গিয়েও ব্যর্থ হয়ে ফিরতে হলো বাংলাদেশকে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ