প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:১১ পিএম

যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন কন্যাশিশুদের হাতে ডিগনিটি কিট তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ শেষে এই কিট বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলাম।
শুক্রবার (১৭ অক্টোবর) ‘বাঁচতে শেখা’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কেও পরামর্শ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অনেক সময় অসাধারণ মেধা ও প্রতিভার অধিকারী হয়। সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারাই সমাজের আলো হয়ে উঠতে পারে।” তিনি আরও বলেন, “এই শিশুদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, ‘বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনসহ অন্যান্য অতিথিরা।
‘বাঁচতে শেখা’র প্রকল্প ফোকাল হিমেল সঞ্জীব কিসকু জানান, “সমাজে পিছিয়ে থাকা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় উপকরণ ও স্বাস্থ্যবিধি সামগ্রী সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
এই কার্যক্রমটি বাস্তবায়িত হয়েছে লিলিয়ান ফন্ডস্ নেদারল্যান্ডসের অর্থায়নে এবং সেন্টার ফর ডিসএবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় পরিচালিত ‘সিবিআর-এর সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি’ প্রকল্পের আওতায়।
ফিল্ড ট্রেইনার তরিকুল ইসলাম ও সিবিআর অফিসার জ্যোৎস্না খাতুন বলেন, “ডিগনিটি কিট শুধু স্বাস্থ্যবিধির সামগ্রী নয়, এটি শিশুর আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হতে সহায়তা করে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে