প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:১৪ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা হত্যার ৪০ দিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন ও তার সহপাঠীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন একটি এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সহপাঠীরা এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন এবং নিহত সুমাইয়া আফরিন ও তার মায়ের রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দীন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার।
সহপাঠী নূর মোহাম্মদ সোহান বলেন, “সুমাইয়ার পরিবারে এখন তার ভাই ছাড়া আর কেউ নেই। এখনো বিশ্বাস করতে পারছি না, সুমাইয়া আর আমাদের মাঝে নেই। সহপাঠী হিসেবে দায়িত্ববোধ থেকেই আমরা এই দোয়ার আয়োজন করেছি। তবে কষ্টের বিষয়, সুমাইয়া ও তার মায়ের হত্যাকারীদের এখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি।”
আরেক সহপাঠী মো. রাসেল মিয়া বলেন, “সুমাইয়া আফরিন আমাদের সহপাঠী ও প্রিয় বান্ধবী ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং আল্লাহর কাছে তার ও তার মায়ের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি।”
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার বলেন, “সুমাইয়া আফরিন শান্ত, ভদ্র ও সবার প্রিয় একজন শিক্ষার্থী ছিল। সে বিভাগের নানা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিত। সহপাঠী ও বিভাগের পক্ষ থেকে আজকের দোয়া মাহফিলে অংশ নিয়ে আমরা তার ও তার মায়ের রুহের মাগফিরাত কামনা করেছি এবং পরিবারের জন্য ধৈর্য কামনা করছি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে