প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:১১ পিএম

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ১০ জন জুলাইযোদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার পর আহতদের ঢামেক হাসপাতালে আনা হয়। আহতরা হলেন— সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি।
আহত আতিকুল গাজী জানান, তিনি উত্তরা থেকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে সংসদ ভবন এলাকায় যান। “আজ স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের প্রতিবাদ জানাতে মানিক মিয়া এভিনিউতে গেলে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এলোপাতাড়ি পেটানোর সময় আমরা আহত হই,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সময় ডান হাতে গুলিবিদ্ধ হয়ে আমার হাত কেটে ফেলতে হয়েছিল। পরে কৃত্রিম হাত ব্যবহার করি। আজকের হামলায় সেই কৃত্রিম হাতটিও ভেঙে দিয়েছে পুলিশ।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারও অবস্থা গুরুতর নয়। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ শতাধিক বিক্ষুব্ধ আন্দোলনকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মূল মঞ্চে বসে পড়েন।
আন্দোলনকারীদের অভিযোগ, সনদ প্রণয়নের ক্ষেত্রে তাদের পরামর্শ নেয়নি সরকার। স্বীকৃতি না দিয়ে ঘোষণাপত্রের মতো সনদে আইনি ভিত্তি না রাখায় তারা এটিকে অবমূল্যায়ন বলে মনে করছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে