প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:১২ পিএম

সংগৃহীত ছবি
বলিউডে উৎসব মানেই দীপাবলির রঙিন আলো ও সাজসজ্জায় মুখর সময়। এ বছরও মায়ানগরী মুম্বাই জুড়ে চলছে সেই উৎসবের আমেজ। তবে ব্যতিক্রম ঘটছে শাহরুখ খানের বাসভবন মান্নাতে। দীপাবলি উপলক্ষে এবার কোনো বিশেষ আয়োজন রাখেননি কিং খান। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি।
কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই ‘মান্নাত’-এর দীপাবলি পার্টি অনেকটা বিরতিতে। আগে প্রতি বছর শাহরুখ-গৌরীর আয়োজন থাকত বলিউডের অন্যতম বড় পার্টিগুলোর একটি। আলো, আতিথেয়তা আর তারকাদের আড্ডায় মুখর থাকত সমুদ্রতটের সেই এলাকা।
শেষবার মান্নাতে বড় পরিসরে দীপাবলি উদ্যাপন হয় ২০২৪ সালে, যা একসঙ্গে মিশেছিল শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে। প্রায় আড়াইশ তারকা, পরিচালক ও ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন সেই উৎসবে। তার আগে ২০১৮ সালের আয়োজনও ছিল বেশ স্মরণীয়; যেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, শিল্পা শেঠি, অনন্যা পাণ্ডে প্রমুখ।
তবে এ বছর কাজের ব্যস্ততার কারণেই কোনো উৎসব আয়োজন করছেন না বলিউডের বাদশাহ শাহরুখ খান। বর্তমানে তিনি পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটিতে প্রথমবারের মতো বাবার সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। জানা গেছে, সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ