প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:১৭ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে টমাহক মিসাইল চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার বিশ্বাস, এই মিসাইল হাতে পেলে ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ হবে।
জেলেনস্কির দাবি, টমাহক মিসাইল ব্যবহার করে রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোতে সুনির্দিষ্টভাবে আক্রমণ চালানো সম্ভব হবে। এতে রাশিয়া কূটনৈতিক ও সামরিকভাবে চাপে পড়বে, যা শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করবে।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই মিসাইল তাদের জন্য বড় কোনো হুমকি নয়। তবে তিনি সতর্ক করেছেন, ইউক্রেন টমাহক পেলে যুদ্ধ আরও তীব্র হয়ে উঠবে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভও বলেছেন, “ইউক্রেনকে টমাহক সরবরাহের বিষয়টি নিয়ে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন।”
টমাহক হলো সাবসনিক ক্রুজ মিসাইল, যা নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের ওয়ারহেড বহন করতে পারে।
সামরিক বিশেষজ্ঞ কোস্তিয়ানটিন ক্রিভোলাপ বলেন, “টমাহক এক হাজার ছয়শ থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে লক্ষ্যে আঘাত করতে পারে।”
আরেক বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়া কোভালেঙ্কো বলেন, “রাডারে শনাক্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই টমাহক টার্গেটে আঘাত করে। রাশিয়ার বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম টমাহকের তুলনায় দুর্বল।”