প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২:৪৮ AM

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ‘জুলাই সনদে’ স্বাক্ষর অনুষ্ঠান। তবে এ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো আইনি ভিত্তি তৈরি হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। আমরা সবসময় আইনি ভিত্তির কথা বলে আসছি। আইনি প্রক্রিয়া ছাড়া এই ধরনের আনুষ্ঠানিকতা আবারও ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো একতরফা দলিলে পরিণত হবে।”
তবে ভবিষ্যতে অংশগ্রহণের সম্ভাবনা রেখেছে দলটি। মুশফিক উস সালেহীন আরও বলেন, “যেহেতু ঐকমত্য কমিশন সময় বাড়িয়েছে, তাই আমরা পরবর্তী ধাপে আলোচনায় অংশ নিয়ে আমাদের অবস্থান তুলে ধরব। আমাদের দাবি পূরণ হলে পরবর্তীকালে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ