প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:০৮ AM আপডেট: ১৬.১০.২০২৫ ৫:১০ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাত চারটার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিক ফলাফলে জানা যায়, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদলের প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক।
চাকসুর প্রাথমিক ফলাফল অনুযায়ী, ভিপি পদে রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট, আর এজিএস পদে তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২৬টি কেন্দ্রীয় পদে ৪১৫ জন এবং ২৪টি হল ও হোস্টেল সংসদ পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফল ঘোষণার আগে কয়েকটি স্থানে উত্তেজনা দেখা দেয়। বুধবার রাত একটার দিকে ভোট কারচুপির অভিযোগ তুলে উপ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে ছাত্রদলের নেতা-কর্মীরা। আড়াই ঘণ্টা পর রাত সাড়ে তিনটার দিকে তাকে মুক্ত করা হয়।
এর আগে এক নম্বর গেটের বাইরে ছাত্রদলের সমর্থনে বিএনপি ও ছাত্রশিবিরের সমর্থনে জামায়াতের নেতা-কর্মীরা অবস্থান নেন। যদিও উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে অবস্থান করেন, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আশঙ্কায় প্রশাসন ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ