প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ পিএম

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এক অস্বস্তিকর ঘটনার জন্ম দেন দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী। হাতে হাতকড়া পরাতে গেলে তিনি প্রকাশ্যে ওসিকে ধমক দেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় সুব্রত বাইনকে। প্রিজনভ্যান থেকে নামার পর আদালতের হাজতখানার দায়িত্বে থাকা ওসি রিপন মোল্লা তার নিরাপত্তার জন্য হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে দেন।
তবে এরপর হাতকড়া পরাতে গেলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুব্রত বাইন। তিনি ওসির দিকে তাকিয়ে বলেন, “ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায় আবার হাতকড়া কিসের? আপনি কবে থেকে ডিউটি করছেন?”
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় বুধবার ছিল চার্জ গঠনের শুনানির দিন। এই মামলায় সুব্রত বাইনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ