প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:১২ পিএম

প্রতি বছর হাজারো বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেন। শ্রীলঙ্কা সফরে আগ্রহী ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার। এখন থেকে আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ (ইটিএ) সংগ্রহ করা বাধ্যতামূলক।
বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নিয়মের ফলে বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকেরা আর শ্রীলঙ্কায় পৌঁছে বিমানবন্দরে ভিসা নিতে পারবেন না। আগে অন-অ্যারাইভাল ভিসা ফি পরিশোধ করেই ভ্রমণের অনুমতি মিলত।
ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে নতুন নিয়মের বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীরা ইটিএ আবেদন করতে পারবেন দুইভাবে—
শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটে (eta.gov.lk/slvisa) অনলাইনে আবেদন করে,
অথবা
সংশ্লিষ্ট দেশের শ্রীলঙ্কান হাইকমিশনের মাধ্যমে সরাসরি আবেদন জমা দিয়ে। বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশন অবস্থিত ঢাকার গুলশান ২–এ।
দেশটির পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রতি বছর বিপুলসংখ্যক বাংলাদেশি পর্যটককে আকৃষ্ট করে। গত বছর প্রায় ৪০ হাজার বাংলাদেশি দেশটি সফর করেছেন, আর চলতি বছরের প্রথম ৯ মাসেই সেই সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।
প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য ডাবল এন্ট্রি ইটিএ ভিসা দেওয়া হবে, যার ফি ২০ মার্কিন ডলার বা প্রায় আড়াই হাজার টাকা। ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না।
ঢাকা থেকে কলম্বো পৌঁছাতে সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। বর্তমানে শ্রীলঙ্কান এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, ফিট এয়ার, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া নিয়মিত বিরতিহীন ও বিরতিযুক্ত ফ্লাইট পরিচালনা করছে।
শ্রীলঙ্কান হলিডেস বাংলাদেশের ট্যুর কনসালট্যান্ট রুকাইয়া জাহান বলেন, “আগে বিমানবন্দরে পৌঁছে ইটিএ নিতে অনেক সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। এখন আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক হওয়ায় ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ