প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ পিএম

সংগৃহীত ছবি
রংপুরে গরুর জন্য গড়ে উঠেছে এক অনন্য আবাসিক হোটেল। মাত্র ৫০ টাকায় এখানে গরু পাচ্ছে খাবার ও নিরাপদ আশ্রয়। অদ্ভুত শোনালেও, বাস্তবে এটি এখন বেশ জনপ্রিয় উদ্যোগে পরিণত হয়েছে।
মহানগরীর মডার্ন মোড় সংলগ্ন ধর্মদাস বারো আউলিয়া এলাকায় অবস্থিত এই গরুর হোটেলটি বিশেষত কোরবানি ঈদের সময় সবচেয়ে বেশি সরব থাকে। তবে সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ীরা এখানে তাদের পশু রাখেন।
হোটেলটিতে গরুর জন্য আলাদা ঘর, পর্যাপ্ত আলো-বাতাস এবং খাবারের সুব্যবস্থা রয়েছে। চারজন কর্মচারী সার্বক্ষণিক গরুর যত্ন নেন। ব্যবসায়ীরা জানান, এতে তাদের গরু রাখা ও পরিবহন করা অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
গরুর ব্যাপারী রফিক মিয়া বলেন, “এখানে গরু রেখে নিশ্চিন্তে থাকা যায়। এক রাত বিশ্রাম দেওয়ার পর দূরের জেলায় যাওয়া অনেক সুবিধাজনক হয়।”
উদ্যোক্তা আসানুর রহমান জানান, সাত-আট বছর আগে শখের বসে এই হোটেলটি শুরু করেছিলেন তিনি। বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০টি গরু এখানে অবস্থান করে। ঝড়-বৃষ্টি বা রোদে গরুর কোনো ক্ষতি হয় না, ফলে ব্যাপারীদের ভোগান্তিও কমে গেছে।
তিনি আরও বলেন, “হোটেলটিকে ঘিরে স্থানীয় কয়েকজনের কর্মসংস্থান হয়েছে। ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে গরু রাখতে পারছেন বলেই উদ্যোগটি সফল হয়েছে।”
এখানে একসঙ্গে ১০০টি গরু রাখার ব্যবস্থা রয়েছে। প্রতি গরুর জন্য এক রাতের ভাড়া মাত্র ৫০ টাকা। গরুর বিশ্রাম শেষে ব্যবসায়ীরা ট্রাকে করে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠান।
রংপুরের লালবাগ, বড়াইবাড়ি, আমবাড়ি, বেতগাড়ি ও শঠিবাড়ি এলাকার ব্যবসায়ীরা নিয়মিত এই হোটেলের সুবিধা নিচ্ছেন। তাদের মতে, এই উদ্যোগ রংপুর অঞ্চলে গরু পরিবহন ও বেচাকেনায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।