প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:০৭ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদেরও সম্মান বাড়বে। এটি শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীরাই সুন্দরভাবে সম্পন্ন করবে।”
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, “নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আচার-আচরণ ও নিয়মকানুন মেনে প্রচারণা চালিয়েছে।”
তিনি জানান, নির্বাচনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “ভোটগ্রহণের সব প্রস্তুতি সকাল ৯টায়ই ছিল। আমাদের শিক্ষার্থীরা সকাল ৮টা থেকেই লাইনে দাঁড়িয়েছে। ভোটারদের সিরিয়াল যাচাই-বাছাই করে একজন ভোটার একাধিক ভোট না দেয়, সে বিষয়টি নিশ্চিত করতেই কিছুটা বিলম্ব হয়েছে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং ছবিযুক্ত ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর