প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫০ AM আপডেট: ১৫.১০.২০২৫ ১১:০৫ এএম

আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে আবাসিক হলগুলোতে তল্লাশি অভিযান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের প্রক্টরিয়াল বডির সদস্যরা তল্লাশি শুরু করেন শহীদ শামসুজ্জোহা হলে। অভিযানে নেতৃত্ব দেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আল আমিন সরকার।
তল্লাশির সময় মতিহার থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের সঙ্গে যৌথভাবে হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা করেন এবং কক্ষগুলোতে অবৈধ কিছু রয়েছে কিনা তা যাচাই করেন।
প্রক্টরিয়াল টিম জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং বহিরাগত কেউ হলে অবস্থান করছে কিনা তা নিশ্চিত করতেই এ তল্লাশি চালানো হচ্ছে।
তারা আরও বলেন, ‘নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম