প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৪০ AM

বিশ্বে পাসপোর্ট শক্তির সূচকে বাংলাদেশের অবস্থান আরও নিচে নেমে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ বর্তমানে ১০০তম অবস্থানে রয়েছে। এই একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
এই দুটি দেশের পাসপোর্টধারীরা বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অর্থাৎ, বেশিরভাগ দেশেই তাদের আগাম ভিসা নিয়ে প্রবেশ করতে হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে ১ নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন।
এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) ও জাপান (১৮৯ দেশ)। সূচকের সব শেষে রয়েছে আফগানিস্তান। দেশটি রয়েছে ১০৬তম অবস্থানে। আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
একটি দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তা সে দেশের আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি এবং ভ্রমণ সুবিধার প্রতিফলন ঘটায়। ভিসামুক্ত ভ্রমণের সংখ্যা যত বেশি, পাসপোর্ট তত শক্তিশালী হিসেবে বিবেচিত হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম