প্রকাশ্যে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের এক সভাপতিকে হত্যা করা হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০)। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাশসহ দুইজনের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা এরপর পালিয়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, “নিহত অপু দাশ হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তাকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যান।”